পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলমকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আলম একটি ইফতার মাহফিলে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে উত্তেজিত হয়ে ওঠে এবং একপর্যায়ে তাকে ঘিরে ফেলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত জনতা রমনা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক শাহ আলমের ছেলে মো. সাগর দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বাবাকে আটক করা হয়েছে। অন্যদিকে, রমনা থানা পুলিশ জানিয়েছে, জনসাধারণের তথ্যের ভিত্তিতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, শাহ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।