মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই হামলায় বিমানবন্দরের একটি যাত্রী লাউঞ্জের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চারজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে দুবাইয়ের গণমাধ্যম দপ্তর নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং আল-জাজিরা কর্তৃক সত্যতা যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের লাউঞ্জের ছাদের একটি অংশ ধসে পড়েছে এবং চারদিকে ধোঁয়া ও ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। হামলার সময় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতেও ইরানের একযোগে আক্রমণ অব্যাহত ছিল।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আকস্মিক বিমান হামলা চালানোর পর পাল্টা জবাব হিসেবে ইরান এই আক্রমণ শুরু করে। তবে দুবাই বিমানবন্দরে হামলার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। সংযুক্ত আরব আমিরাত এই হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা আরও ঘনীভূত হয়েছে।