শরীয়তপুরে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের ফলে ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। জেলা শহরের ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন, যাদের মধ্যে অর্ধেকের বেশি শিশু। রোববার (১ মার্চ) সকাল ১১টা পর্যন্তই ২৫ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৬ জনই শিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে ৫০ জনের বেশি রোগী চিকিৎসাধীন। শয্যা না থাকায় রোগীরা বাধ্য হয়ে হাসপাতালের নোংরা মেঝে ও খোলা বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেক অভিভাবক অভিযোগ করেছেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও পর্যাপ্ত চিকিৎসক-নার্স না থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। কর্তব্যরত নার্সরা জানিয়েছেন, জনবল সংকটের কারণে বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে তারা হিমশিম খাচ্ছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, “দিনের বেলা গরম এবং রাতে শীত—এমন ভারসাম্যহীন আবহাওয়ার কারণে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। শয্যা সংকটে রোগীদের মেঝেতে রাখা অমানবিক হলেও আমাদের আর কোনো উপায় নেই।” তিনি সাধারণ মানুষকে বাসি খাবার পরিহার এবং শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।