পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে শরীয়তপুরে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র‍্যাব-৮, মাদারীপুর।
রোববার দুপুরে নড়িয়া উপজেলার ঘরিসার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখা, ভেজাল ও অনিয়ম প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।