ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১ মার্চ) দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেট প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই হামলা বন্ধ না হলে জামায়াত রাজপথে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহার বলেন, ইসরায়েলি পণ্য বর্জনের মাধ্যমে বিশ্ববাসী এর আগে সমুচিত জবাব দিয়েছিল। আবারও যদি তারা এই বর্বরতা বন্ধ না করে, তবে সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি জাতিসংঘ ও ওআইসি-র ভূমিকার সমালোচনা করে বলেন, জাতিসংঘ আজ কয়েকটি দেশের তাবেদারিতে পরিণত হয়েছে এবং ওআইসি মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে।
জামায়াত নেতা আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের মতো দেশগুলোর সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের শক্তি অপ্রতিহত, যা কোনো পরাশক্তি দমাতে পারবে না। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন