শরীয়তপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীস যুব সংঘ জেলা শাখার উদ্যোগে বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে শহরের শরীয়তপুর কনভেনশন সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। আলোচনা সভা শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাদীস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমেদ আব্দুলাহ সাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাসিক আত-তাহরিকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবিরুল ইসলাম, কেন্দ্রীয় দাঈ মুহাম্মাদ রাকিবুল ইসলাম এবং চরনাচনা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক শহিদুল ইসলাম শহীদ।
বক্তারা বলেন, কুরআন ও সহিহ হাদীসের আলোকে সমাজ গঠনই আহলেহাদীস আন্দোলনের মূল লক্ষ্য। তারা দ্বীন প্রতিষ্ঠা, কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণ এবং তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনায় আরও গুরুত্বারোপ করা হয় ইসলামি শিক্ষার প্রসার, সঠিক আকীদা-মানহাজ প্রচার এবং তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম জোরদারের ওপর। বক্তাদের মতে, ন্যায়, ইনসাফ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ও সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
Facebook Comments Box




মন্তব্য করুন