পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তারিখ ধরে ইতিমধ্যে পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেই সূচি অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ছুটি নির্ধারণ করা আছে। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে।
ছুটি আরও বাড়ানো হলে ১৯ মার্চের আগের দিন ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে। ১৭ মার্চ (মঙ্গলবার) রয়েছে শবে কদরের ছুটি। তাহলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা সাত দিন ছুটি পাওয়া যেতে পারে।
ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতেই ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার বলে জানা গেছে।

মন্তব্য করুন