নতুন সার নীতিমালায় খুচরা বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রস্তাব ঘিরে শরীয়তপুরে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। নিজেদের অস্তিত্ব রক্ষার দাবিতে খুচরা সার ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক ব্যবসায়ী অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা লাইসেন্স বহাল রাখার জোর দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খুচরা সার ডিলার সমিতি শরীয়তপুর জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মামুন মোল্লা। এছাড়া ভেদরগঞ্জ, গোসাইরহাট, সদর, নড়িয়া, ডামুড্যা ও জাজিরা উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রস্তাবিত নীতিমালা কার্যকর হলে সারাদেশে প্রায় ৪৪ হাজার খুচরা বিক্রেতা লাইসেন্স হারানোর ঝুঁকিতে পড়বেন। এতে হাজার হাজার পরিবার জীবিকার সংকটে পড়বে। তারা দাবি করেন, খুচরা সার বিক্রেতারাই কৃষকদের কাছে দ্রুত ও সহজভাবে সার পৌঁছে দেন। এই নেটওয়ার্ক ভেঙে গেলে কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

ব্যবসায়ীরা সরকারের কাছে অনুরোধ জানান, কৃষি ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় পূর্বের নীতিমালা বহাল রেখে নতুন প্রস্তাব পুনর্বিবেচনা করা হোক।
সংশ্লিষ্টদের মতে, বিষয়টি শুধু ব্যবসায়ীদের জীবিকার প্রশ্ন নয়; এটি দেশের কৃষি অর্থনীতি ও খাদ্য উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত। এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শরীয়তপুরের খুচরা সার ব্যবসায়ীরা।