সুন্দরবনে আবারও সক্রিয় হওয়ার চেষ্টার মাঝেই কড়া বার্তা দিল আইনশৃঙ্খলা বাহিনী। গভীর রাতে চালানো সাঁড়াশি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বড় জাহাঙ্গীর বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোস্ট গার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকায় কিছু অসাধু চক্র সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার অপচেষ্টা চালায়। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল খুলনার কয়রা থানাধীন নারায়ণপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদার (৩২) কে আটক করা হয়। তিনি কয়রা উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১১টায় মোংলা থানাধীন পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে একটি শটগান, একটি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী যৌথ অভিযান শুরু হলে আতঙ্কিত হয়ে আফজাল সরদার অস্ত্র ও গোলাবারুদ পুঁতে রেখে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন ধরে তিনি বড় জাহাঙ্গীর বাহিনীর হয়ে ডাকাতি এবং অস্ত্র-রসদ সরবরাহে জড়িত ছিলেন।
উল্লেখ্য, তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— সুন্দরবনে কোনো দস্যু চক্রের ঠাঁই হবে না। বন ও নদীপথকে নিরাপদ রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।