পবিত্র রমজান মাসকে ঘিরে শরীয়তপুরের জাজিরায় এক আন্তরিক পরিবেশে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করে জাজিরা রিপোটার্স ইউনিটি।
মঙ্গলবার (৩ মার্চ) বাদ আছর উপজেলার প্রাণকেন্দ্র জাজিরা পুরান বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রিপোটার্স ইউনিটি ও জাজিরা প্রেস ক্লাব-এর আহ্বায়ক মোঃ সেলিম মাদবর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক সদস্য আবু তালেব ঢালী, প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার, সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজন, রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ মুকতার হোসেন ফকির, সাবেক সাধারণ সম্পাদক আরজে রতন আলী মোড়ল, সাধারণ সম্পাদক হৃদয় মোল্লা, সাহাজাদি সুলতানা সহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, সমাজে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পেশাগত দায়িত্বের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মোঃ শফিকুল ইসলাম। দোয়া শেষে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানের শেষপর্বে রিপোটার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটির কপি সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেন আহ্বায়ক মোঃ সেলিম মাদবর।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও দৃঢ় করবে এবং পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা জোগাবে।