ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৩৯৬ কোটি টাকা ব্যয়ে ২৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি প্রশস্ত করে ১৮ ফুট থেকে ৩৪ ফুটে উন্নীত করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বৃহত্তর সিলেটের সঙ্গে রাজধানী ঢাকার সড়কপথের দূরত্ব অন্তত ৪০ কিলোমিটার কমে আসবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর কলেজ মোড়ে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নানসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সরাইল থেকে নাসিরনগর উপজেলার শেষ সীমানা হয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার বলভদ্র সেতু পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ২৫ কিলোমিটার। বর্তমানে এর প্রস্থ মাত্র ১৮ ফুট। ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প পথ হিসেবে প্রতিদিন এই সড়ক দিয়ে ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।

সড়কটি সংকীর্ণ হওয়ায় বিভিন্ন স্থানে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। যানবাহনের চাপ সামলাতে বিদ্যমান সড়কটি ৩৪ ফুটে প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়ক পুনর্নির্মাণ ও প্রশস্তকরণের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়দের অনেকে আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেন।

প্রকল্পের পরিচালক ও সরাইল-নাসিরনগর সড়ক প্রশস্তকরণের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (কুমিল্লা) মোফাজ্জল হায়দার জানান, সরাইল থেকে নাসিরনগর হয়ে বলভদ্র সেতু পর্যন্ত পুরো ২৫ কিলোমিটার সড়ক ১৮ ফুট থেকে ৩৪ ফুটে প্রশস্ত করা হবে।

তিনি জানান, বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩৯৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা ও সিলেটের মধ্যে সড়কপথের দূরত্ব অন্তত ৪০ কিলোমিটার কমবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।