বায়ুদূষণকে শুধু পরিবেশগত সংকট হিসেবে না দেখে জনস্বাস্থ্য, জীবনযাত্রা ও পরিবেশগত ন্যায়বিচারের সঙ্গে যুক্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দেশের তরুণরা। বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের পাশাপাশি দূষণের উৎস চিহ্নিত করে নিয়মিত পরিবীক্ষণ, জবাবদিহিতা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সূর্যোদয় ইয়ুথ সোসাইটি আয়োজিত ‘পরিষ্কার বায়ু, জনস্বাস্থ্য ও পরিবেশগত ন্যায়বিচার’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির পরিচালক রায়হান নোমান নূরনবীর সভাপতিত্বে বক্তব্য দেন সিএপিএসের পরিচালক অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অ্যাকশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ইয়ুথ মোবিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন মো. মাসুদ পারভেজ অভি এবং স্মার্ট এয়ার বাংলাদেশের অপারেশন ম্যানেজার মো. আশরাফুল ইসলাম।

বক্তারা বলেন, বায়ুদূষণ মোকাবিলায় নির্ভরযোগ্য তথ্য ও বৈজ্ঞানিক গবেষণার ব্যবহার আরও বাড়াতে হবে। দূষণের উৎস শনাক্ত করার পর সেই তথ্য নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কাজে লাগানো জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে বায়ুর মানসংক্রান্ত তথ্য সহজভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে মানুষ দৈনন্দিন জীবনে দূষণের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন।

তারা আরও বলেন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উদ্যোগে তরুণদের অংশগ্রহণ কেবল মতামত দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। নীতি বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রেও তাদের কার্যকরভাবে যুক্ত করার সুযোগ তৈরি করতে হবে। স্থানীয় পর্যায়ে তরুণদের অভিজ্ঞতা ও বাস্তবতাকে নীতিনির্ধারণী আলোচনায় অন্তর্ভুক্ত করা হলে বায়ুদূষণ মোকাবিলায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে ‘ইয়ুথ ডিমান্ড ফর ক্লিন এয়ার’ শীর্ষক যুবদের ১৫ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যমান আইন, নীতি ও কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও দায়িত্বের স্পষ্টতা, জবাবদিহিতার কার্যকর ব্যবস্থা এবং পরিবেশগত ছাড়পত্র পাওয়ার পরও নিয়মিত পরিবীক্ষণ নিশ্চিত করা।

এ ছাড়া দূষণকারী শিল্প ও প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত, বায়ুর মান পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী, দূষণের হটস্পটগুলোতে উৎসভিত্তিক নিয়মিত পরিবীক্ষণ এবং বায়ুর মান ও পরিবেশসংক্রান্ত তথ্য জনগণের জন্য সহজলভ্য করার দাবি জানানো হয়েছে।

যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ ও সড়কের ধুলা নিয়ন্ত্রণ, খোলা জায়গায় বর্জ্য পোড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা, বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও পরিবেশগত ন্যায়বিচারকে গুরুত্ব দেওয়া, স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় জনবল ও সম্পদ বাড়ানো এবং জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণকে নিয়মিত কার্যক্রমে পরিণত করার কথাও বলা হয়েছে।

তরুণ ও নাগরিক সমাজের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি ‘ব্রিথ কোয়ালিশন’-কে বায়ুদূষণসংক্রান্ত নীতি বাস্তবায়ন ও পরিবীক্ষণ প্রক্রিয়ায় অংশীদার করার দাবিও রয়েছে ১৫ দফায়।