ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের ১৪৮ জন সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার (জেডএফএ) বাংলাদেশ কান্ট্রি অফিস।
মঙ্গলবার ঢাকার রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ধানমন্ডি, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক প্রয়োজন পূরণে সহায়তা করা এবং তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেডএফএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. এনামুল হক। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ আজিম উদ্দিন ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বাবুই সালসাবিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেসা। এ সময় মোহাম্মদপুর মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ওএসপি শিক্ষার্থী মো. রনি নিজের অনুভূতি প্রকাশ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের মাধ্যমে তাদের পড়াশোনায় সহযোগিতা এবং শিক্ষাজীবন অব্যাহত রাখতে উৎসাহ দেওয়াই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন