নরসিংদী জেলার সিভিল সার্জনের কার্যালয় ও এর আওতাধীন বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে জনবল নিয়োগের জন্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আটটি পদে মোট ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। এর মধ্যে কয়েকটি পদে এসএসসি পাস প্রার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে।

নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে; ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে নরসিংদী জেলার বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠান।

আবেদনের সময় নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল নির্ধারণ করা হয়েছে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। ১ থেকে ৭ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফি আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। পরিশোধ করা ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তগুলো ভালোভাবে পড়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সিভিল সার্জনের কার্যালয়ের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে পাওয়া যাবে।