বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য আলাদা কোনো প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষা সচিব আবদুল খালেক। বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করতে পৃথক প্রজ্ঞাপন জারির কথা জানানো হয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের জন্য জারি করা পে-স্কেলের গেজেটই এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে—এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা গেজেটের প্রয়োজন নেই। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেটের আওতায়ই তাদের নতুন বেতন কাঠামো কার্যকর হবে।
তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি চাকরিজীবীদের মতো সব ধরনের ভাতা পান না। এ ক্ষেত্রে কীভাবে বিষয়গুলো সমন্বয় করা হবে, জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, নতুন পে-স্কেলে তাদের বেতন বৃদ্ধি পাবে। বিদ্যমান ভাতাগুলো আগের নিয়মেই থাকবে। এ সংক্রান্ত বিষয়গুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেখবে।
নতুন জাতীয় বেতন স্কেলে একজন চাকরিজীবীর মূল বেতন নির্ধারণের ক্ষেত্রে ৩০ জুনের মূল বেতন, বর্তমান গ্রেড এবং নতুন বেতন কাঠামোয় সংশ্লিষ্ট গ্রেডের নির্ধারিত স্কেল বিবেচনায় নেওয়া হবে।
বেতন নির্ধারণে মূলত দুটি পদ্ধতি অনুসরণ করা হবে। কোনো কর্মচারী যদি পুরোনো বেতন স্কেলের সর্বনিম্ন ধাপে থাকেন, তাহলে নতুন কাঠামোয় সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক ধাপেই তার বেতন নির্ধারিত হবে।
উদাহরণ হিসেবে, ১৬তম গ্রেডের কোনো কর্মচারীর পুরোনো বেতন স্কেলের শুরু যদি ৯ হাজার ৩০০ টাকা হয় এবং নতুন কাঠামোয় একই গ্রেডের প্রারম্ভিক বেতন ২১ হাজার ৯০০ টাকা নির্ধারিত হয়, তাহলে তার নতুন মূল বেতন হবে ২১ হাজার ৯০০ টাকা।
অন্যদিকে, কেউ যদি পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপের চেয়ে বেশি মূল বেতন পেয়ে থাকেন, তাহলে পুরোনো স্কেলের শুরু থেকে বর্তমান মূল বেতনের ব্যবধান প্রথমে নির্ধারণ করতে হবে। এরপর সেই ব্যবধান নতুন বেতন স্কেলের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ করে নতুন বেতন নির্ধারণ করা হবে।
যদি হিসাবের পর পাওয়া অঙ্কটি নতুন বেতন স্কেলের কোনো নির্ধারিত ধাপের সঙ্গে না মেলে, তাহলে তার পরবর্তী উচ্চতর ধাপটি বেতন হিসেবে নির্ধারণ করতে হবে।
ধরা যাক, কোনো কর্মচারীর ৩০ জুনের মূল বেতন ১৩ হাজার ৭৯০ টাকা এবং পুরোনো স্কেলের প্রারম্ভিক বেতন ১২ হাজার ৫০০ টাকা। এ ক্ষেত্রে ব্যবধান দাঁড়ায় ১ হাজার ২৯০ টাকা। নতুন স্কেলের প্রারম্ভিক বেতন ২৫ হাজার টাকা হলে এর সঙ্গে ব্যবধান যোগ করে পাওয়া যায় ২৬ হাজার ২৯০ টাকা। নতুন কাঠামোয় যদি ২৬ হাজার ২৯০ টাকার নির্ধারিত ধাপ না থাকে এবং পরবর্তী ধাপ ২৬ হাজার ৩০০ টাকা হয়, তাহলে নতুন মূল বেতন হবে ২৬ হাজার ৩০০ টাকা।
নিজের নতুন মূল বেতন হিসাব করতে চাকরিজীবীদের প্রথমে ৩০ জুনের মূল বেতন, বর্তমান গ্রেড এবং নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী সংশ্লিষ্ট গ্রেডের বেতন কাঠামো জানতে হবে। এরপর পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপে বেতন ছিল কি না, তা যাচাই করে নির্ধারিত নিয়মে নতুন মূল বেতন হিসাব করা যাবে।



মন্তব্য করুন