শরীয়তপুরের জাজিরায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিময় পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে এমপি সাঈদ আহমেদ আসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়ে বলেন, “অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার অপচেষ্টা যে বা যারাই করুক, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এমনকি যারা এসব অপরাধী বা বিশৃঙ্খলাকারীদের আশ্রয়-প্রশ্রয় কিংবা ইন্ধন দেবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।” অপরাধ দমনে উপজেলা প্রশাসন ও পুলিশকে যৌথভাবে সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

​সভায় জাজিরা থানা পুলিশের কর্মকর্তা, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেহ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রোমান বাদশাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এস এম বজলুর রশিদ, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা খবির উদ্দিন রমিজি এবং জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন।

​এ ছাড়াও জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুব রহমান লিটু সরদার, জয়নগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজী ও জাজিরা ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার।

​সভায় আরো অংশ নেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কে এম কামরুজ্জামান মিলন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রুমা হামিদ, জাজিরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, দৈনিক কালবেলার প্রতিনিধি মোঃ আব্দুর রহিম মোল্লাসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।