ছেলের বৌভাতের আয়োজন। বাড়িজুড়ে আত্মীয়-স্বজন ও অতিথিদের আনাগোনা, রান্নার প্রস্তুতি আর উৎসবের আমেজ। এর মধ্যেই জবাই করা গরুটিকে চোরাই বলে দাবি করায় মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। পরে এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরের বাবা।
শনিবার (৩ অক্টোবর) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে। তবে বৌভাতের জন্য জবাই করা গরুটিই চুরি হওয়া গরু কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে শুক্রবার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয়। পরদিন শনিবার ছেলের বৌভাত উপলক্ষে বাড়িতে আত্মীয়-স্বজন ও অতিথিদের আপ্যায়নের আয়োজন করেন রফিকুল। এ জন্য একটি গরু জবাই করা হয়।
এরই মধ্যে জবাই করা গরুটিকে চোরাই গরু বলে অভিযোগ ওঠে। পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলাম দাবি করেন, শুক্রবার ভোররাতে তার গোয়ালঘর থেকে একটি গরু চুরি যায়। পরে বৌভাতের অনুষ্ঠানে জবাই করা গরুটি দেখে তিনি সেটিকে নিজের চুরি যাওয়া গরু বলে শনাক্ত করার দাবি করেন।
পরে শহিদুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্তে নামে এবং রফিকুল ইসলামকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, বৌভাতের জন্য জবাই করা গরুটি চুরি করা কি না, তদন্ত করে তা নিশ্চিত হওয়া যাবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন