বরিশাল নগরীর বগুরা রোড এলাকায় সিটি করপোরেশনের বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়দের একটি অংশ। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বগুরা রোডবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে সিটি করপোরেশন মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে। তাদের দাবি, এ প্রকল্প বাস্তবায়িত হলে মার্কেটের পেছনে থাকা অর্ধশতাধিক পরিবার চলাচলসহ নানা সমস্যায় পড়বে। একই সঙ্গে প্রধান সড়কও সংকুচিত হয়ে যান চলাচলে ভোগান্তি বাড়তে পারে।
মানববন্ধনে রফিকুল ইসলাম জাহিদ, বশিরুল ইসলাম খান ও অহিদুল নবীসহ স্থানীয় কয়েকজন বলেন, মার্কেট নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে এলাকার মানুষের চলাচলের পথ সংকুচিত হবে। বর্ষাকালে ওই এলাকায় পানি জমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও তারা দাবি করেন।
তারা বলেন, নগরবাসীর সুবিধার জন্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত। কিন্তু প্রস্তাবিত স্থাপনা এলাকার বাসিন্দাদের দুর্ভোগ বাড়াবে বলে তাদের অভিযোগ। সিদ্ধান্ত পরিবর্তন না হলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। তিনি বলেন, জনগণের স্বার্থেই তিনি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাঁর দাবি, সিটি করপোরেশন যে জায়গাটি নিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে, সেখানে নির্মাণকাজ হলে অর্ধশতাধিক পরিবার সমস্যায় পড়বে এবং মূল সড়কও সরু হয়ে যাবে।
নাসরিন আরও বলেন, ওই সড়কের পাশে সরকারি বালিকা বিদ্যালয় রয়েছে, যেখানে তিন হাজারের বেশি ছাত্রী পড়াশোনা করে। প্রকল্পের কারণে শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলেও প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সিটি করপোরেশনের প্রশাসককে সরেজমিনে এলাকা পরিদর্শন করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। অন্যথায় প্রশাসকের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলেন বিএনপির এই নেত্রী।
তবে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের স্থানীয় বাসিন্দা হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বলেন, নগরবাসীর কোনো অভিযোগ থাকলে তারা সরাসরি সিটি করপোরেশনে এসে বিষয়টি জানাতে পারেন। তাঁর মতে, কোনো সমস্যা সমাধানের জন্য মানববন্ধনই একমাত্র পথ নয়।
গত ৩০ সেপ্টেম্বর প্রশাসক বিলকিস আক্তার জাহান সিটি মার্কেটের উদ্বোধন করেন। সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, সেখানে সড়কসংলগ্নভাবে প্রায় ১০ শতাংশ জমি রয়েছে। জমিটির প্রস্থ কোনো অংশে প্রায় ৪ ফুট এবং কোনো অংশে সর্বোচ্চ ১০ ফুট। এই জায়গা ঘিরেই বর্তমানে বিরোধ ও প্রতিবাদ তৈরি হয়েছে।

মন্তব্য করুন