হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করতে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন। সেখানে লাগেজ সংগ্রহের জন্য অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। বিমান থেকে নামার পর লাগেজ হাতে পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে তাদের অভিজ্ঞতা কেমন—এসব বিষয়ে যাত্রীদের কাছে জানতে চান মন্ত্রী।

মন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সময় যাত্রীরা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যেই লাগেজ হাতে পাওয়ার বিষয়েও তারা সন্তুষ্টির কথা জানান।

এ সময় যাত্রীসেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে দ্রুত বিমানবন্দরে ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশও দেন বিমানমন্ত্রী।

পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।