ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে ঢাকার বাইরে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে এই বদলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হলেও সিলেট রেঞ্জ অফিসে তার সংযুক্তি বহাল থাকবে। সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং তোফায়েল আহমেদ ও মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে পাঠানো হয়েছে।

এ ছাড়া মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে, এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে এবং মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জ এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের আদেশে বলা হয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ৮ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে বলে গণ্য করা হবে।

জনস্বার্থের কথা উল্লেখ করে একসঙ্গে ডিএমপির ১১ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলির এই আদেশ দেওয়া হলো।