নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের এই সফরের তথ্য জানিয়েছে।

সফরের প্রথম ধাপে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠেয় ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন। এ সময় তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটিও পরিদর্শন করবেন।

এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি অ্যানুয়েল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন সেনাপ্রধান।

সরকারি এ সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের কথা রয়েছে জেনারেল ওয়াকার-উজ-জামানের। পাশাপাশি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন তিনি।

সফর শেষে সেনাপ্রধানের দেশে ফেরার বিষয়ে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।