রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে লালবাগ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে একটি পুরোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল আহমেদ।
পুলিশ জানায়, শনিবার রাতে লালবাগ থানার ১৩৮/১৭, লালবাগ রোডের বাসা থেকে শারমিন সুলতানা সর্মিকে আটক করা হয়। পরে আগের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি জামিল আহমেদ বলেন, ‘গতরাতে লালবাগের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাত্রলীগের বড় নেত্রী ছিলেন, পরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন।’
শারমিন সুলতানা সর্মি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একটি উপকমিটির সম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে থাকা পুরোনো একটি মামলার কার্যক্রমের অংশ হিসেবেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
শারমিন সুলতানা সর্মির স্বামী ড. মো. শাহাদাত হোসেন নিপু বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিও একসময় বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।

মন্তব্য করুন