৪৫তম বিসিএস পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন শরীয়তপুরের মেধাবী তরুণ ইউসুফ রহমান। অদম্য অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে অর্জিত তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।

​কৃতি এই বিসিএস কর্মকর্তা শরীয়তপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাশাভোগ গ্রামের অধিবাসী। তিনি মরহুম মো. মোতালেব মুন্সি ও জাহানারা বেগম দম্পতির সন্তান।

​শিক্ষাজীবনে শুরু থেকেই মেধার পরিচয় দেওয়া ইউসুফ রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সফলতার সাথে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এর আগে তিনি ২০১৪ সালে শরীয়তপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন। নিরবচ্ছিন্ন প্রস্তুতি ও একাগ্রতার সুবাদেই নিজের কাঙ্ক্ষিত সাফল্য ছিনিয়ে এনেছেন এই তরুণ।

​নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করে ইউসুফ রহমান বলেন, “প্রশাসন ক্যাডারে জায়গা করে নেওয়া আমার বহুদিনের স্বপ্নের বাস্তবায়ন। এই দীর্ঘ ও কঠিন যাত্রায় যাঁরা আমাকে সার্বিক সহযোগিতা, সাহস ও উৎসাহ যুগিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। কর্মজীবনে সততা, পেশাদারিত্ব ও প্রগাঢ় দেশপ্রেম নিয়ে দেশের সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। অর্পিত দায়িত্ব যেন পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য আমি সবার কাছে দোয়া প্রার্থী।”

​ইউসুফ রহমানের এই অর্জনে কাশাভোগ গ্রামসহ শরীয়তপুরের সর্বস্তরের মানুষ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করছেন, সরকারি সেবায় সততা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি ভবিষ্যতে শরীয়তপুর জেলা তথা পুরো দেশের মুখ আরও উজ্জ্বল করবেন।

​