অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে খুলনা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ৯ দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
খুলনা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধারের ঘটনা ঘটে। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭০৩ পিস ইয়াবা, ২ কেজি ৫ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধ দমনে এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, একই সময়ে জেলার বিভিন্ন চেকপোস্টে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩২০টি মামলা করেছে খুলনা জেলা ট্রাফিক পুলিশ। এ ছাড়া ২০৬টি যানবাহন আটক করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত খুলনা গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন