বাংলাদেশের তরুণদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের জেন-জিরা গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে লড়াই করছেন বলে ভিডিও বার্তায় জানানোয় ভারতের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। এই বক্তব্য দিয়েছেন ভারতের ছাত্রনেত্রী নেহা বোরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি নেহার ভিডিও প্রকাশ করে বলেন, “রাহুল গান্ধীর পোস্টার গার্ল নেহা বোরা বলেছেন, ‘বাংলাদেশ আমাদের (ভোটাধিকারের) পথ দেখিয়েছে’। এটি সরকার পরিবর্তনের প্রকাশ্য স্বীকারোক্তি। রাহুল গান্ধী ও তার সহযোগীরা ভারতের গণতন্ত্রের জন্য হুমকি।”
বিজেপির অভিযোগ, নেহা বোরার বক্তব্যে স্পষ্ট হয়েছে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তার সহযোগীরা গণতান্ত্রিক উপায়ের বদলে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের চেষ্টা করছেন। পৃথক এক পোস্টে তিনি বলেন, নেহার বক্তব্য দেখিয়েছে রাহুল গান্ধীর সরকারের বিরুদ্ধ অবস্থান নেওয়া শুধু রাজনৈতিক বিষয় নয়, কংগ্রেস নেতারা বাংলাদেশের আদলে সরকার পরিবর্তন করতে চান।
এমন অভিযোগের প্রতিবাদে কংগ্রেস নেতা রশিদ আলভি বলেছেন, বিজেপি গণতন্ত্রের কথা বলে তরুণদের আওয়াজ রুদ্ধ করতে চাইছে। তিনি বলেন, “বিজেপি সেই গণতন্ত্রের কথা বলছে, যার জন্য আমরা লড়াই করছি। পুরো দেশ এই গণতন্ত্রের জন্য লড়াই করছে। কেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাওয়া হচ্ছে। কারণ তিনি ভারতের গণতন্ত্রকে হত্যা করেছেন।”
তিনি আরও বলেন, “বিজেপি গণতন্ত্রের দোহাই দিয়ে তরুণদের আওয়াজকে রুদ্ধ করতে পারবে না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং আমরা কোনোদিন আইন নিজের হাতে তুলে নেওয়াকে সমর্থন জানাইনি। ভারতে সরকার পরিবর্তনের যে কোনো প্রক্রিয়া হবে গণতন্ত্রের মাধ্যমে।”

মন্তব্য করুন