পাবনার আতাইকুলায় বিএনপির এক নেতাসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪) ও তার সহযোগী একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৪০)। আব্দুস সালাম পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আতাইকুলার পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের ব্যবসায়িক অফিস রয়েছে। সন্ধ্যায় ওই অফিসে রিপন ও সালাম বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫-৭ জনের একদল দুর্বৃত্ত এসে তাদের ওপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত রিপন ও সালামকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। আতাইকুলা থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি প্রদীপ কুমার সাহা বলেন, ৫-৭ জনের একদল দুর্বৃত্ত গুলি করতে করতে সালামের অফিসে ঢোকে এবং পরে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।