শরীয়তপুরে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের তুলাসার গ্রামের পনির সিকদারের ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত দুইজন হলেন- শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের হাশেম শেখের ছেলে ফরিদ শেখ (৩৮) ও সদর উপজেলার ডোমসার ইউনিয়নের সুজনদোয়াল গ্রামের সোবাহান খানের ছেলে লিয়াকত খান (৩৯)।
জানা যায়, ফরিদ শেখ শরীয়তপুরের বড় একজন ঠিকাদার। ঠিকাদারের পাশাপাশি তিনি ইয়াবা ব্যবসা করে আসছেন।
শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তুলাসার গ্রামের সিকদার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। তখন ২৪ পিছ ইয়াবাসহ ফরিদ ও লিয়াকতকে আটক করা হয়। আর বেশ কিছু ইয়াবা পানিতে ফেলে নষ্ট করে ওরা। এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আগামীকাল রোববার জেল হাজতে প্রেরণ করা হবে তাদের।