“স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গিকার” এই শ্লোগানে শরীয়তপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উদ্বোধন করা হয়েছে। ১৬ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় ১০০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করেন সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের। হাসপাতালের সুযোগ্য তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. জাকির হোসেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসা সেবা একটি মহৎ পেশা। আপনাদের কাছে যারা চিকিৎসা সেবা নিতে আসে তাদেরকে কখনও জিম্মি করে স্বার্থ উদ্ধার করবেন না। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। মনে রাখবেন যারা রোগী তারা হচ্ছেন অসহায়। আর অসহায়দের প্রতি অবিচার আল্লাহ সহ্য করেন না।
অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, একজন চিকিৎসকের সঠিক প্রতিবেদনই পারে একজন ভিকটিমের ন্যায় বিচার নিশ্চিত করতে। আবার চিকিৎকদের একটি ভুল প্রতিবেদনের কারণে একজন নিরাপরা ব্যক্তিও সাজা ভোগ করতে পারে। তাই আপনাদের প্রতিবেদনের দ্বারা যদি কোন ব্যক্তি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় তাহলে আপনার আপনাদের বিবেকের কাছে, আপনাদের সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকবেন। এজন্য একদিন আপনাদের জবাবদিহি করতে হতে পারে।
১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ৫দিন জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হবে। জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে শরীয়তপুর স্বাস্থ্য বিভাগ বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বর্তমান সরকারের স্বাস্থ্য সেক্টরে অগ্রগতি বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা হাসপাতালের বর্হিবিভাগে বিশেষ চিকিৎসা সেবা প্রদান, বর্ণাঢ্য র্যালী, স্বাস্থ্য সচেতনা, পুষ্টি, ও খাদ্য বিষয়ক আলোচনা সভা, সেবা গ্রহিতাদের সাথে মতবিনিময় ও কমিউনিটি ক্লিনিকের অবদান শীর্ষক আলোচনা সভা, স্কুল হেল্থ প্রোগ্রাম পরিদর্শন, চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা সভা, অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও সমাপনী অনুষ্ঠান।



মন্তব্য করুন