শরীতপুরের পালং থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী আর নেই। শনিবার (৬ জুলাই) রাত ৮ টায় ঢাকা শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৯০ বছর।
রোববার (৭ জুলাই) বাদ আছর মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি শরীয়তপুরের বুড়িরহাট সংলগ্ন বাড়িতে দাফন করা হয়েছে। জানাজা নামাজে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার ও সাবেক এমপি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুসহ সহ¯্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
এর আগে সকালে মিরপুর ৬নং সেকশন কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা নামাজ শেষে তাকে গ্রামের বাড়ি শরীয়তপুরে নিয়ে যাওয়া হয়। মুজিবুর রহমান চৌধুরী ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রামের বিখ্যাত চৌধুরী পরিবারের সন্তান মুজিবুর রহমান চৌধুরী ১৯৬৯ সালে পালং থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. সুলতান মাহমুদ সিমন বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পূর্ব মাদারীপুরের এমএনএ ও এমপিএ-দের মুজিবনগরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছিল। আমি ৭১’এর আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আবিদুর রেজা খান এমএনএ সাহেবকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করি। তখন যারা আমার সঙ্গী হয়েছিলেন তারা হলেন মুজিবুর রহমান চৌধুরী (আমার প্রিয় মজু ভাই), লিডিং সিম্যান নূর মোহাম্মদ (আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী), জাজিরা নিবাসী ইলেকশন অফিসার খলিলুর রহমান, ইউনুস খলিফা, কৃষিবিদ এম এ রউফ (আমার অগ্রজ), আব্দুর সাত্তার খান (কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ শরীয়তপুর জেলা কমান্ড), প্রকৌশলী হুমায়ুন খলিফা, বাদশা খলিফা, মাষ্টার আবুল হোসেন মোল্যা, মাষ্টার শফিউদ্দিন বেপারী প্রমূখ। তাদের অনেকেই আজ প্রয়াত। সর্বশেষ মজু ভাই চলে গেলেন। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।



মন্তব্য করুন