“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এ শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষ্যে শরীয়তপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ২৪ জুলাই জেলা প্রশাসনের আয়োজনে বিকেল ৪ টায় এ সচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ মামুনুল-উল-হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সাধারণ) আব্দুল্লাহ আল মামুন তালুকদার, বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর জেলার সহকারী সিনিয়র পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার প্রতিনিধি, শরীয়তপুর সদর উপজেলার প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন বেসরকারি এনজিও’র প্রতিনিধিসহ শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিগণ।
সচেতনতা ও প্রস্তুতিমূলক সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হয়, তা হলো- সকল পর্যায়ে ড্রেন, নাল, খাল, বিল, জলাশয়ে কচুরীপানাসহ ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। সকল স্থানীয় প্রশাসন/ওয়ার্ড/পাড়া/মহল্লাভিত্তিক ড্রেন, নাল, খাল, বিল, জলাশয় শনাক্ত করে সেখানে কখন পরিষ্কারের কাজ করা হবে তা স্ব স্ব ওয়েবসাইটে দিয়ে দিতে হবে। স্থানীয় প্রতিষ্ঠান সমূহে মশক জন্মানোর সকল স্থানে সুষ্ঠু নিধন প্রক্রিয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। বসতবাড়ি ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের চারপাশে যাতে পরিষ্কার রাখা হয়, মশা সৃষ্টি হতে না পারে, সেজন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। জনগণকে সচেতন করার জন্য র্যালী, মিছিল, ফেস্টুন ও ব্যানারের মাধ্যমে প্রচারনা করতে হবে। “পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ করি মশার বিস্তার”, “ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই”।-এ শ্লোগান ফেস্টুন আকারে স্থানে টানিয়ে দিতে হবে। এছাড়া মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সৃষ্টিতে সরকারী উদ্যোগের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে।



মন্তব্য করুন