“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে শরীয়তপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২রা জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে র্যালী ও মাদক বিরোধী আলোচনা সভার মাধ্যমে এ দিবসটি পালিত হয়।
র্যালীটি শরীয়তপুর শহীদ মিনার হতে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। তিনি বলেন, বিশ্ব দুই ধরনের মানুষ শাসন করে থাকে, একটি সমাজবাদী ও অন্যটি পুজিঁবাদী। সমাজবাদীরা সমাজের কল্যাণ নিয়ে নিয়ে চিন্তা করে আর পুজিঁবাদীরা নিজেদের নিয়ে চিন্তা করে। যারা সমাজের কথা চিন্তা করে তাদের দ্বারা কখনোই সমাজ ক্ষতিগ্রস্ত হয় না আর যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে তাদের দ্বারা যে কোন খারাপ কাজ হওয়াটা স্বাভাবিক। মাদক নিয়ন্ত্রণ সমাজ থেকে পুরোপুরি নির্মূল করা এজন্য অসম্ভব হয়ে দাড়িয়েছে কারন, এটা নিয়ে আমাদের সমাজের মানুষ সচেতন নয়। এজন্য আমরা সম্পূর্ণ সচেতন হলে এটা নির্মূল হওয়া সম্ভব।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আল মামুন শিকদার, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মুনির আহমেদ ও জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ কামাল হোসেন।
এছাড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাসের উপস্থাপনায় বক্তব্য রাখেন, শরীয়তপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, বিডি ক্লিন শরীয়তপুরের সমন্বয়কারী অ্যাডভোকেট মাসুদুর রহমান ও শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।

মন্তব্য করুন