এক অসহায় বিধবা নারী ও তার মেয়েকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার সময় শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলায় নলমুড়ি ইউনিয়নের চরভুয়াই গ্রামে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালানো হয় বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। হামলায় আহত ফিরোজা বেগমকে (৬৫) গোসাইরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার মেয়ে রোজিনা আক্তার গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফিরোজা বেগম ওই গ্রামের মৃত জনাব আলী বেপারীর স্ত্রী। জনাব আলী বেপারী ২০ বছর পূর্বে মারা যাওয়ার পর ফিরোজা বেগম মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে অনেক কষ্টে ছেলেমেয়েদের নিয়ে কোনমতে বেঁচে আছে। তার দুই মেয়ে ঢাকা শহরে বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে। ফিরোজা বেগম তার এক মেয়ে রোজিনাকে নিয়ে বাড়িতে থাকেন।
ফিরোজা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী ২০ বছর আগে মারা গেছে। আমি অনেক কষ্টে ছেলে মেয়েদের নিয়ে খেয়ে না খেয়ে কোনমতে বেঁচে আছি। আমার অসহায়ত্বের সুযোগে আমার চাচাতো ভাই সাইফুল বেপারী, মমিন বেপারী ও চাচতো বোন রুবি বেগম দীর্ঘদিন যাবৎ আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ ও আমাদের সম্পত্তি জোরপূর্বক ভোগ দখলের পাঁয়তারা করছে। আমরা বসতভিটা ছেড়ে না গেলে তারা আমাদের খুন-জখম করবে বলে বিভিন্ন সময় হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। কোন বিষয়ে ও আমার ছেলে মেয়েরা বাড়িতে কোন কথা বলতে পারেনা। সামান্য কারণে তারা আমাদের অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করতে তেড়ে আসে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। গত সোমবার সন্ধ্যায় রুবি বেগমের ছাগলে আমার সবজি গাছ খেয়ে বিনষ্ট করে। এ নিয়ে আমি কথা বললে রবি, রুবির ভাই সাইফুল ও মমিন লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে। তারা আমার মেয়ে রোজিনাকে পিটিয়ে গুরুতর আহত করে। আমি আমার মেয়েকে বাঁচাতে একে গেলে তারা আমাকেও পিটিয়ে গুরুতর আহত করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জানার জন্য রুবি বেগম, রবির ভাই সাইফুল ও মমিনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইলে কল করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এলাকাবাসী জানান, রুবি বেগম ও তার ভাই কাউসার ও মমিন প্রভাবশালী। তাদের আরেক ভাই সেনাবাহিনীতে চাকরি করে। তাই তারা ক্ষমতার দাপট দেখিয়ে অসহায় বিধবা পরিবারটির জায়গা জমি দখলের জন্য তাদের উপর বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন করে আসছে। এর সুষ্ঠু বিচার হওয়া দরকার।
গোসারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, আমি খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন