শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির ঝড়ের রাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পোঁছে দিয়েছেন।

এসময় তিনি গোসাইরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জরাজীর্ণ ঘরে বসবাসকারী মানুষের হাতে ভিজিএফ এর চাল তুলে দেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির বলেন, কিছু অসহায় পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাওয়ার উপযুক্ত কিন্তু ভুলবশত তালিকায় বাদ পরায় আমি জেলা প্রশাসক স্যারের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।

উপহার পেয়ে শারীরিক প্রতিবন্ধী আবুল কালাম (৬২) বলেন, এই ঝড়ের মধ্যে রাতের বেলা ইউএনও স্যার আমাদের জন্য চাল নিয়ে আসবেন স্বপ্নেও ভাবিনি। আমি ইউএনও স্যারের জন্য দোয়া করি আমাদের মত অসহায় মানুষের পাশে থাকার জন্য।

এই সময় উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেন, ইউএনও স্যার চান ঈদের দিন অন্ততপক্ষে একটি ঘরেও জেনো কেউ অভুক্ত না থাকে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গোসাইরহাট উপজেলার (ইউএনও) কাফী বিন কবির এর পূর্বে পথে ঘাটে পরে থাকা অসুস্থ রোগীদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং জরাজীর্ণ ঘরে টিন দিয়ে নতুন করে ঘর তুলে দেওয়ায় মানুষের মধ্যে মানবিক ইউএনও হিসেবে খ্যাতি অর্জন করেছেন।