শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, সারাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন হয়েছে। এদেশের মানুষ একমাত্র শেখ হাসিনার ওপর আস্থাশীল। এদেশের মানুষ একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতিক নৌকা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিক নৌকা। সুতরাং চক্রান্ত, ষড়যন্ত্র ও মিথ্যাচার করে নৌকার বিজয় ঠেকানো যাবে না। নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে, নৌকার জয় সুনিশ্চিত।
সোমবার (১ জানুয়ারি) শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সারাদেশে নির্বাচনী উৎসব বিরাজ করছে। এদেশের মানুষ আগামী ৭ জানুয়ারি নৌকাকে বিজয়ী করার জন্য প্রস্তুত৷ বিশেষ করে নড়িয়া-সখিপুরে কখনো নৌকা পরাজিত হয় নি। এই জনপদ নৌকার জনপদ, নৌকার ঘাঁটি।
এনামুল হক শামীম বলেন, নড়িয়া-সখিপুরের মানুষ ভাল করেই জানে নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। ২০১৮ সালে আপনারা নৌকায় ভোট দিয়ে বিজয়ী করেছন বলেই নড়িয়ায় বেড়িবাঁধ হয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, স্টেডিয়াম, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণ, নতুন নতুন ভবন হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সবক্ষেত্রেই নড়িয়া-সখিপুর এগিয়ে যাচ্ছে। তাই নড়িয়া-সখিপুরের মানুষ আবারও নৌকাকে বিজয়ী করার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে।
এসময় তাঁর সঙ্গে ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি এ্যাভ. নাভানা আক্তার, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক জাফর শেখ, ঘরিষার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক প্রমূখ।



মন্তব্য করুন