শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী যেটা করেছেন অন্য কোন মুসলিম সরকার বা রাষ্ট্রপ্রধান করতে পারেননি। তিনি ৫৭৬ টি মডেল মসজিদ করেছেন। কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন। মাদ্রাসা বোর্ডকে শক্তিশালী করেছেন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন করেছেন।

তিনি বলেন, আল্লামা শফি সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করতেন, আমি যখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে চট্টগ্রামের দায়িত্বে ছিলাম। তখন ওনার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। তখন তিনি ওই কথাটি বলে গেছেন শেখ হাসিনার মত ইসলাম বান্ধব সরকার প্রধান আর কোথাও নেই।

শুক্রবার (২৯ ডিসেম্বর) শরীয়তপুরের নড়িয়ার নশাসন আর আই আলিম মাদ্রাসা মাহফিলের দুদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০১৮ সালে আমি এইখানে আসার পরে বলেছিলেন নড়িয়া নদী ভাঙা বন্ধ করার ব্যাবস্থা করতে। ২০১৮ সালে আপনাদের ভোটে এমপি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে প্রথমেই নড়িয়া ভাঙনের হাত থেকে রক্ষা করেছি। পদ্মাপাড়ে বেড়িবাঁধ হয়েছে। সেখানে পর্যটন কেন্দ্র হয়েছে। জমির দামও বেড়েছে। আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। এছাড়াও সখিপুর, চরআত্রা-নড়িয়া-জাজিরা-শরীয়তপুরে বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। নড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, স্টেডিয়াম, ভাষাসৈনিক গোলাম মাওলা উড়াল সেতুর কাজও এগিয়ে চলছে। দূর্গম চরেও সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দিয়েছি। নড়িয়া-সখিপুর এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত সহ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে।

দবির হোসেন আকন এর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল খালেক শরীয়তপুরি, এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম এনামুল হক শামীম, নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার।