বিষ খাইয়ে অতিথি পাখিসহ দুই শতাধিক পাখি নিধন করেছেন সাবেক ইউপি সদস্য মোঃ শাজাহান মাদবর।
জমির ফসল খেয়ে ফেলে বলে গম ও ধানের সাথে বিষ মিশিয়ে দেশি-বিদেশি অতিথি পাখিসহ দুই শতাধিক পাখি নিধন করেছেন স্থানীয় এক সাবেক ইউপি সদস্য।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামের খনার পাড় নামক ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে।
গম ও ধানের সাথে বিষ মিশিয়ে পাখি মেরে ফেলা শাহজাহান মাদবর ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন ঘুঘু, শালিক, বক, চড়ই-সহ হাজার হাজার বিদেশি অতিথি পাখি খাবারের সন্ধানে মধ্য সিড্যা গ্রামের খনার পাড় নামক ফসলি জমির মাঠে আসে। দেশি-বিদেশি পাখির কলকাকলিতে মুখর থাকে পুরো ফসলি মাঠ। পাখি ফসলি মাঠের ফসল খায় এ কথা সত্য হলেও এসব পাখিরা প্রাকৃতিক ভারসাম্য রাখতে কাজ করে। শাহজাহান মাদবর তো প্রভাবশালী ধনাট্য ব্যক্তি, সাবেক মেম্বার। তার জমি থেকে পাখি তো লাখ টাকার ফসল খেয়ে ফেলেনি যে, বিষ দিয়ে পাখি মারতে হবে। তাছাড়া উনি তো জাল দিয়ে রাখতে পারতেন। অবুঝ এই প্রাণীগুলোকে না মেরেও পারতেন। কয়েকদিন ধরে শাহজাহান মাদবর ও তার লোকেরা গম ও ধানের সাথে বিষ মিশিয়ে ছিটিয়ে রাখতেন, বিষ খেয়ে পাখি মারা গেলে কৃষকরা তা মাটিতে পুঁতে রাখতেন।
স্থানীয় গোলাম মোস্তফা নামে একজন বলেন, শীত মৌসুমে আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে অতিথি পাখি আসে। কিছু অসাধু ব্যক্তি, যারা প্রকৃতির শত্রু তারা বিষসহ নানান মাধ্যমে পাখিগুলো মেরে ফেলে, যা খুবই দুঃখজনক। প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন পাখি নিধনকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
পাখি নিধনকারী শাহজাহান মাদবরের পুত্রবধু হিমু আক্তার বলেন, কৃষি অফিস থেকে বীজ দিয়েছিল, সেই বীজ জমিতে বপন করেছে আমার শশুর। জমিতে সে ইঁদুর মারার বিষ দিয়েছিল, তাতে যে এমন ঘটনা ঘটবে তা আমাদের জানা ছিল না। কবে, কখন বিষ দিয়েছিল, তা আমার জানা নেই।
পাখি নিধনকারী শাহজাহান মাদবর বলেন, মরা পাখিগুলোর ছবি তুলতে হবে কেন? আমি তো পাখির জন্য গম বপন করি নাই। এগুলো গণমাধ্যমে দেওয়ার দরকার নেই।
বিষয়টি নিয়ে সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু বলেন, বিষ দিয়ে পাখি মারার বিষয়টি আমি শুনেছি। সাবেক মেম্বার শাহজাহান মাদবর আমার কাছে এসেছিলেন। তিনি আমাকে জানিয়েছেন, তার ফসলি জমিতে তিনি গমের বীজ বপন করেছেন। কে বা কারা বিষ মিশিয়ে পাখি মেরেছে, তা তিনি জানেন না। তবে বিষ দিয়েই হোক আর যেভাবেই হোক পাখি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। পাখি হত্যা অন্যায় এবং দন্ড-নীয় অপরাধ।
শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, পাখি হত্যাকারীদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।



মন্তব্য করুন