শরীয়তপুরের জাজিরা উপজেলায় নাওডোবা ইউনিয়নের মেছের আলী মুন্সির কান্দি এলাকায় রাতের আঁধারে দাউদ খান (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
ধারণা করা হচ্ছে- শনিবার ভোররাতে (১৩-জানুয়ারি) দিবাপূর্ব রাতে নিহত দাউদ খানের বাড়িতেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে দূর্বৃত্তরা। হত্যাকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন স্থানীয় দু’টি পক্ষ।
পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ জানায়- দীর্ঘদিন যাবত একই গ্রামের পার্শ্ববর্তী মৃত নুরুল ইসলাম মাদবরের ছেলে মোজাম্মেল মাদবর (৪৫) এর পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিলো দাউদ খানের পরিবারের। যার ফলে স্থানীয়রা সন্দেহ পূর্বক মোজাম্মেল মাদবরকে অভিযুক্ত হিসেবে আটক করে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশের হাতে তুলে দেয়। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নাওডোবা ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন বলেন, রাতের আঁধারে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি সকালে শুনেছি।
পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, সকালে খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সহ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পাশাপাশি স্থানীয়দের হাত থেকে মোজাম্মেল মাদবরকে উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়েছি।
এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন