শরীয়তপুর সবজির বাজারে ব্যবসায়ীরা একেক দোহাই দিয়ে রীতিমতো লুটপাট করছে। কাটছে ভোক্তার পকেট। এই ভরা মৌসুমেও অস্বাভাবিক দামে বিক্রি করছে সবজি। বাজারে এখন অধিকাংশ সবজির কেজি ১০০ টাকার ওপরে। একটি লাউয়ের দাম উঠেছে ১২০ টাকায়। যা তিন বা চার একটি সদস্যের পরিবারে একদিন হবেনা। এক কেজি বেগুনের দাম ১০০। শিমের কেজি এখনও ১২০ টাকা। এ ছাড়া একটি ফুলকপি ৬০ ও পাতাকপিও ৫০ টাকার নিচে মিলছে না।

শীতের ভরা মৌসুমেও গত দুয়েক সপ্তাহের ব্যবধানে শরীয়তপুর জেলার বিভিন্ন কাঁচা বাজারগুলোতে প্রায় সব সবজির দাম বেড়েছে। এতে চরম ভোগান্তিতে ভোক্তারা। যদিও বছরের এই সময়ে সবজির দাম কম থাকার কথা, তবে এবারের চিত্র ভিন্ন।

শনিবার (১৩ জানুয়ারি) শরীয়তপুরের আঙ্গারিয়া, ডোমসার বাজার, শৌলপাড়া, লাউখোলাসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৭০-১০০ টাকা, টমেটো ৫০-৬০ টাকা, করলা ৮০-১২০ টাকা, আলু ৫৫-৬০ টাকা ও পেঁয়াজ (দেশি) ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে ফুলকপি পিসপ্রতি ৪০-৬০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা ও লাউ প্রতি পিস ৭০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।

সপ্তাহ দুয়েকের ব্যবধানে এসব সবজির দাম কেজিতে অন্তত ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে।

ডোমসার কাঁচাবাজারের ব্যবসায়ী রহিম মাদবর দৈনিক রুদ্রবার্তাকে বলেন, গত বছরের তুলনায় এবার সবজির দাম দুই থেকে তিনগুণ বেশি।

তিনি দৈনিক রুদ্রবার্তাকে বলেন, গত বছর এই সময়ে ২০ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও এখন ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ৩০-৩৫ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

লাউখোলা বাজারের ব্যবসায়ী আব্বাস বলেন, সবজির মৌসুমেও সবজির দাম বেশি। তবে আমাদেন ক্রয় যেমন বিক্রি তেমন।
তিনি দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমাদের এলাকায় সবজি চাষ হওয়ার কারণে আমরা তাজা শাকসবজি খেতে পারি। তবে এই সবজির মৌসুমে টমেটো, মুলা, লাউ সহ অন্যান্য সবজির দাম থাকে একেবারেই কম। কিন্তু এবারে ভিন্ন চিত্র।

আঙ্গারিয়া বাজারে কথা হয় এক মুদি দোকানির সঙ্গে। তিনি বলেন, গত বছর এই সময়ে ১০০ টাকায় পাঁচ কেজি আলু, ৩০-৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ ও ১৫০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি কিনেছিলাম। কিন্তু এই বছর সবজির দাম দ্বিগুণ বেড়েছে।

লাউখোলা বাজারে আকবর হোসেন বলেন, দাম বেড়ে যাওয়ায় তিনি সবজি কেনা কমাতে বাধ্য হয়েছেন।
তিনি দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমাদের এলাকায় এতো সবজির চাষ তাও এতো দাম কেন জানিনা। পাঁচশ টাকা নিয়ে বাজারে আসলে সবজি কিনলে মাছ মাংস কিনার টাকা আর থাকেনা।