ভারতের বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো এয়ার লাইনসের একটি ফ্লাইটে বিমানের দেরি ঘোষণায় পাইলটকে ঘুষি মেরেছেন এক যাত্রী। রবিবার দিল্লি থেকে গোয়াগামী ওই ফ্লাইটটি ঘন কুয়াশার কারণে বিলম্বিত হয়েছিল। ফ্লাইট ডিউটির সময় পরিবর্তন হওয়ায় একপর্যায়ে পাইলটও পরিবর্তন হয়। নতুন পাইলট এসে ফ্লাইট আরও বিলম্ব হওয়ার কথা ঘোষণা করতেই হলুদ হুডি পরা এক ব্যক্তি উঠে গিয়ে পাইলটকে ঘুষি মারেন।

ভিডিওতে দেখা যায়, বিমানের একদম শেষ সারিতে বসেছিলেন ওই যাত্রী। পাইলট ঘোষণা করতেই তিনি উঠে দৌড়ে বিমানের একদম সামনে যান এবং পাইলটকে ঘুষি মারেন।

এ সময় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘বিমান চালানোর হলে চালা, নাহলে গেট খোল…’। এতে কেঁদে ফেলেন এক বিমানসেবিকা। তিনি বলেন, ‘আপনি যা করলেন, তা ভুল। এটা করতে পারেন না’

ঘটনার পরপরই পাইলট পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করে।

এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তারা বলছেন, বিমানের দেরি হওয়ায় পাইলট বা কেবিন ক্রু-র কী দোষ? তারা তো নিজেদের কাজ করছেন। যে ব্যক্তি ঘুষি মেরেছেন, তাকে কঠোর শাস্তি দেওয়া হোক।

ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।