ভোর হতেই অস্থায়ী খোলা মাঠে চৌকি পেতে ডালায় ডালায় ইলিশ সহ নানা মাছের পসরা সাজিয়ে বসেন মাছ বিক্রেতারা। তার পাশেই বসে সবজি, খেলনা আর নানা খাবারের দোকান।
কনকনে শীতকে উপেক্ষা করে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার মধ্যেই ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমে উঠে পুরো মেলা প্রাঙ্গন। এদিন মেলায় আসা সবাই ঘরে ফিরেন জোড়া ইলিশ আর জোড়া বেগুন নিয়ে।
শরীয়তপুরের মনোহর বাজার ও তার আশপাশের এলাকার ঐতিহ্য এটি। প্রতি বছরের মাঘ মাসের প্রথম দিনটিতে মনোহর বাজার কালিমন্দির ও গরুর মাঠে বসে এই ঐতিহ্যবাহী পৌষে সংক্রান্ত জোড়া ইলিশ মাছের মেলা।
মেলাটি কতো বছর আগে থেকে প্রচলন শুরু হয়েছে জানেননা অনেকেই। তবে ধারণা করা হয়, অন্তত ২০০ বছরের পুরনো এ মেলা।
বিভিন্ন খাবারের দোকান, খেলনার দোকান যুক্ত হয় মেলায়। পুরো বছরজুড়ে এ দিনটির জন্য অপেক্ষায় থাকেন। এখানকার স্থানীয় হিন্দুধর্মের মানুষের পাশাপাশি মুসলিমরাও আসেন মেলার ঐতিহ্য ধরে রাখতে। মেলাটি ঘিরে আশপাশের বেশ কয়েকটি এলাকার মানুষের সমাগম ঘটে। মেলা উপলক্ষে এখানকার মানুষেরা তাদের আত্মীয়দের বাড়িতে নিমন্ত্রণ জানায়। এ মেলাকে ঘিরে বড়দের চাইতে ছোটদের আগ্রহ থাকে আরো বেশি। তারা সকলে বয়জৈষ্ঠদের সাথে মেলায় গিয়ে মিষ্টি খাবার পাশাপাশি কিনে রঙবেরঙের বেলুন আর খেলনা।
এই মেলায় রয়েছে ইলিশ, রুই, কাতল, বোয়াল, আইড়, কার্প। এছাড়াও মেলায় মাছের পাশাপাশি সবজি, মিষ্টি, খেলনা নিয়ে বসেছে অন্যান্য দোকানীরা। ক্রেতারা আসছেন দামদর করে মাছ কিনে বাড়ি ফিরছেন। ছোট ছোট শিশুরা খেলনার দোকানে ভীড় জমাচ্ছে।
প্রতিবছর মেলায় হিন্দু আর মুসলমান নয়, সবাই এই মেলায় হাজির হয়ে মাছের পাশাপাশি ১ জোড়া বেগুন কিনে নেন।
মেলায় ঘুড়তে আসা আকাশ হোসেন বলেন, এই মেলাটি অনেক আগে থেকেই হচ্ছে। আমি শুনেছি কাল একজনের কাছ থেকে তাই দেখতে আসলাম। এসে ভালো লাগলো।
আরেক দর্শনার্থী আরিফ বলেন, এই মেলাটি একটি ঐতিহ্য বাহি মেলা। অনেক বার এসেছি আজও আসলাম। এসে ভালোই লাগলো।
মনোহর বাজার কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্লা বলেন, আমাদের অঞ্চলের দুইশো বছরের ঐতিহ্য এই জোড় মাছের মেলা। প্রতিবছর এই দিনে মনোহর বাজার মাঠে ভোরবেলা থেকেই ইলিশ মাছ বিক্রি করা হয়। হিন্দু মুসলিম সবাই মেলায় আসে মাছ কিনেন। এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।



মন্তব্য করুন