‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সমাবেশস্থলে কয়েকজন যুবক হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন।
এর আগে সকালে সদর উপজেলার উলপুর-দুর্গাপুরের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের একটি গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে গোপীনাথপুর ফাঁড়ির ইনচার্জসহ তিন পুলিশ সদস্য আহত হন। একইদিন ইউএনও এম রকিবুল হাসানের গাড়িবহরেও হামলা চালানো হয়; আহত হয়েছেন তাঁর গাড়িচালক।
এনসিপির অভিযোগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকদের পক্ষ থেকে পদযাত্রা বানচালের উদ্দেশ্যে ধারাবাহিক এসব হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, এনসিপি ১ জুলাই থেকে মাসব্যাপী এই কর্মসূচি পালন করছে।



মন্তব্য করুন