বলিউড ও হলিউডে সমানভাবে সফল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি ভারতের ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ইস্কয়ার ইন্ডিয়া-এর প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন। সেখানে স্বামী, মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে তাঁর অসম বয়সের বিয়ে ও সম্পর্কের টিকে থাকার মূলমন্ত্র নিয়ে খোলামেলা কথা বলেন।

প্রিয়াঙ্কা জানান, তাদের সম্পর্কের ভিত্তি হলো গভীর বিশ্বাস এবং পারস্পরিক যত্ন। তিনি বলেন, “আমার স্বামী নিক এমন একজন, যার পাশে আমি সবসময় নিরাপদ ও সুরক্ষিত বোধ করি। এমনকি ঘরের বাইরে থেকেও সে বুঝে ফেলে, আমার কী প্রয়োজন হতে পারে।”

তিনি আরও যোগ করেন, “একজন সঙ্গীর জয় মানেই আপনার পরাজয় নয়। বরং তার সাফল্য আপনারও বিজয়—এটাই বুঝতে হবে।”

উল্লেখ্য, ২০১৭ সালে মেট গালায় প্রথম একসঙ্গে দেখা যায় প্রিয়াঙ্কা ও নিককে। পরের বছর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান ও হিন্দু—দুই রীতিতেই বিয়ে করেন তারা। বর্তমানে তারা লস অ্যাঞ্জেলেসে কন্যাসহ বসবাস করছেন।

প্রিয়াঙ্কার এই বক্তব্য নতুন প্রজন্মের কাছে সম্পর্কের প্রতি দায়িত্বশীলতা ও সম্মানের এক চমৎকার উদাহরণ হয়ে উঠেছে।