আটকের প্রায় ১২ ঘণ্টা পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে রাজধানীর শাহবাগ থানার করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজির করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতে উপস্থিত হয়ে লতিফ সিদ্দিকী স্পষ্ট জানিয়ে দেন, তিনি জামিন চাইবেন না এবং কোনো আইনজীবী নিয়োগও করবেন না। তার ভাষায়, আদালতের প্রতি তার আস্থা নেই। অন্য আসামিরা অবশ্য ওকালতনামায় স্বাক্ষর করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে শুনানি শেষে আদালত সবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিন আদালতে আসামিদের নিরাপত্তার জন্য হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়েছিল। আসামিদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান পুলিশকে উদ্দেশ করে বলেন, “ভয়াবহ অবস্থা! জ্যাকেটটা খুলি?” পরে পুলিশ সদস্যরা তা খুলে দেন। এ সময় লতিফ সিদ্দিকীকে তুলনামূলক স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল দেখা যায়। আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকেরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মাথা নেড়ে কোনো মন্তব্য না করার ইঙ্গিত দেন।



মন্তব্য করুন