মাদারীপুরের শিবচরে আন্তজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার গাজীপুর ও টাঙ্গাইল জেলায় অভিযান চালিয়ে আটক করা হয় ডাকাত সর্দার ফরিদ ওরফে শামীম, তার সহযোগী ট্রাকচালক মোমিন এবং নয়নকে। অভিযানে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ১৩ আগস্ট রাতে, যখন শিবচরের চান্দেরচর এলাকার ব্যবসায়ী আমির হোসেন পাবনা থেকে গরু কিনে পিকআপে বাড়ি ফিরছিলেন। ফরিদপুর সড়কে ওত পেতে থাকা ৮–১০ জনের একটি দল ট্রাক দিয়ে তার পথরোধ করে। ব্যবসায়ীকে মারধর করে তারা অস্ট্রেলিয়ান জাতের দুটি গরু ছিনিয়ে নেয় এবং হাত-পা বেঁধে সড়কে ফেলে রেখে যায়। ঘটনার পরপরই শিবচর থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযানে নামে।
পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নির্দেশে সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দীন কাদেরের নেতৃত্বে গঠিত টিম অভিযানে অংশ নেয়। গ্রেপ্তার ফরিদের বিরুদ্ধে ১৫টি ডাকাতি মামলা রয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন