আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে দৃঢ় মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন কোনো শক্তিই ঠেকাতে পারবে না।”
তিনি আরও উল্লেখ করেন, কিছু মহল নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। তার ভাষায়, যারা বলছে নির্বাচনী পদ্ধতি পরিবর্তন ছাড়া ভোট হবে না, তারা আসলে ভিন্ন উদ্দেশ্যে এসব বক্তব্য দিচ্ছেন। সালাহউদ্দিন আহমদ স্পষ্টভাবে জানান, ২০২৬ সালের রমজান শুরুর আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই প্রক্রিয়া কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
১১ বছর পর আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী। এসময় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ—সৈয়দ আলমগীর হাসান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, লুৎফুজ্জামান বাবর ও ব্যারিস্টার কায়সার কামালসহ অনেকে উপস্থিত ছিলেন। সম্মেলনে নেতারা নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক শক্তি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।



মন্তব্য করুন