হিলি স্থলবন্দর দিয়ে মাত্র দুই সপ্তাহে ভারত থেকে দেশে এসেছে প্রায় ৪০ হাজার টন চাল। ১২ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ৯১১টি ট্রাকে করে এই বিপুল পরিমাণ চাল আমদানি হয়েছে। সরকারের দ্রুত সিদ্ধান্ত ও শুল্ক হ্রাসের ফলে নিম্ন আয়ের মানুষজন চাল কিনতে পারছেন আগের চেয়ে ৫–৬ টাকা কম দামে।

দেশে ইরি-বোরো মৌসুম শেষ হলেও বাজারে হঠাৎ চালের দাম বাড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানিকারকদের বরাদ্দ দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। ফলে বাজারে সরবরাহ বাড়ে এবং পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কমতে শুরু করে। আমদানিকারকরা জানান, লাভ না হলেও তারা সরকারের আহ্বানে সাড়া দিয়ে চাল আনছেন। বর্তমানে মিনিকেট, সম্পা কাটারি, স্বর্ণা ও আটাশ জাতের চালের দাম কেজিতে ৩–৫ টাকা কমেছে।

বাংলাহিলি বাজারে সরেজমিনে দেখা গেছে, চালের দাম কমায় সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। একজন দিনমজুর বলেন, “আগে চালের দাম বেশি ছিল, এখন কিছুটা কমেছে। আমাদের জন্য এটা বড় স্বস্তি।” হিলি শুল্ক স্টেশনের কর্মকর্তারা জানান, আমদানিকৃত চাল দ্রুত খালাসে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। শুল্ক ৬৩.৫০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করায় আমদানিকারকরা চাল আনতে উৎসাহী হয়েছেন।