বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে একটি গোষ্ঠী নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ টাউন হল অডিটরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ফখরুল বলেন, সমাজে বিভক্তি সৃষ্টির চেষ্টা চলছে। অথচ মুক্তিযুদ্ধের সময় ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল স্বাধীনতার জন্য। সেই চেতনায় আবারও জাতিকে একত্রিত হয়ে অধিকার ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রয়োজনীয়তার কথা তিনি স্মরণ করিয়ে দেন। তার ভাষায়, “আমরা সবাই বাংলাদেশি, কারও পরিচয় সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়।”
সম্মেলনে দেশের বিভিন্ন জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি অংশ নেন। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ভবিষ্যতের রাজনীতির ভিত্তি হবে এবং এর মাধ্যমে ‘রেইনবো বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব হবে। এই কর্মসূচিতে সমান অধিকার, ন্যায়বিচার ও অংশীদারিত্বের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।



মন্তব্য করুন