হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ পাঁচটি মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছে। কেন তাকে জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে সোমবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। আগামী অক্টোবর মাসে রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
২০২৪ সালের ২৫ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হন চিন্ময়। পরদিন চট্টগ্রাম আদালতে জামিন আবেদন নাকচ হলে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সনাতনী সম্প্রদায়ের কয়েকশ মানুষ প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করে, যা আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে। ওই দিন আদালত সড়কে যানবাহন ভাঙচুর, আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ এবং রঙ্গম কনভেনশন হল এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যু ঘটে।
ঘটনার পরপরই পুলিশ তিনটি মামলা করে এবং নিহত আলিফের বাবা ও ভাই পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় মোট ১১৬ জনকে আসামি করা হয়। চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাগারে রয়েছেন এবং তার জামিন বিষয়ে হাইকোর্টের রুলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

মন্তব্য করুন