কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নাকচ করে এ নির্দেশ দেন।

সকালে আদালতে হাজিরা দিতে আসেন সুলতানা পারভীন। এ সময় কৌতূহলী মানুষজন তাকে এক নজর দেখতে ভিড় করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

২০২০ সালের মার্চে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় গভীর রাতে অভিযান চালানো হয়। তাকে আটক করে নির্যাতনের অভিযোগ ওঠে জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। ওই ঘটনার পর সাংবাদিক রিগান মামলা দায়ের করেন, যা পাঁচ বছর ধরে আদালতে চলছে। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পাওয়া সুলতানা পারভীন স্থায়ী জামিনের জন্য এদিন আদালতে হাজির হয়েছিলেন। তবে আদালতের সিদ্ধান্তে তাকে কারাগারে পাঠানো হয়।