স্বাস্থ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার। একটি সুস্থ জাতি গঠনে কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা অপরিহার্য। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যসেবার প্রসার ও মানোন্নয়নে যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার একটি উল্লেখযোগ্য সংযোজন হলো আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (দ্বিতীয় পর্যায়)। এ প্রকল্পের আওতায় শরীয়তপুরে উদ্বোধন হলো আটং হাতেম ঢালী নগর মাতৃসদন কেন্দ্র ও বালুচড়া আয়েশা কোব্বাত আলী পাহাড় নগর স্বাস্থ্যসেবা কেন্দ্র।

আমরা মনে করি, এ দুটি কেন্দ্র শরীয়তপুরসহ আশপাশের জনগণের জন্য আশীর্বাদস্বরূপ হবে। শহরের সাধারণ মানুষ বিশেষ করে নারী ও শিশুরা এখন সহজলভ্যভাবে মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পাবেন। দরিদ্র ও নিম্নআয়ের পরিবার যারা চিকিৎসার জন্য শহরের দূরবর্তী হাসপাতালে ছুটে যেতেন, তারা এখন নিজ এলাকায় প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাঁর বক্তব্যে যেমন সরকারের দিকনির্দেশনা ফুটে উঠেছে, তেমনি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও স্পষ্ট হয়েছে। আমরা আশা করি, তাঁর এ অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

একই সঙ্গে শরীয়তপুর জেলা প্রশাসনের কার্যকর ভূমিকা এ প্রকল্প বাস্তবায়নে বিশেষভাবে উল্লেখযোগ্য। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের নেতৃত্ব ও তদারকি এ উদ্যোগকে গতিশীল করেছে। জেলা পুলিশ সুপার, স্থানীয় সরকার শাখার উপপরিচালক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত প্রয়াসে শরীয়তপুরবাসীর জন্য স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

তবে আমাদের দায়িত্ব এখানেই শেষ নয়। অবকাঠামো নির্মাণ কেবল সূচনা। এর সঠিক রক্ষণাবেক্ষণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতি, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং সেবার মান বজায় রাখাই এখন মূল চ্যালেঞ্জ। এ দায়িত্ব পালনে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সমাজসেবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি এ স্বাস্থ্যকেন্দ্রগুলো যথাযথভাবে পরিচালিত হয় তবে তা শরীয়তপুরকে একটি উন্নত ও স্বাস্থ্যবান জেলার দিকে এগিয়ে নেবে। একই সঙ্গে সারাদেশের জন্যও এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

—

লেখক: শহীদুল ইসলাম পাইলট, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক